• ঢাকা বুধবার
    ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

সায়েন্সল্যাবে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৪:৫২ পিএম

সায়েন্সল্যাবে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট ভবনমালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে সরেজমিনে অভিযান পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ময়লা-আবর্জনা ও মশার উপদ্রবের বিরুদ্ধে নগরবাসীর সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া রাজধানীকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা অসম্ভব। এ সময় তিনি মশক নিয়ন্ত্রণে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে প্রশাসক জানান, দ্রুতই একটি সমন্বিত ও কঠোর রিকশা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। নতুন এই নীতিমালা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কোনো রিকশা দক্ষিণ সিটিতে এবং দক্ষিণ সিটির কোনো রিকশা উত্তর সিটিতে প্রবেশ করতে পারবে না। রিকশার পাশাপাশি চালকদেরও বাধ্যতামূলকভাবে লাইসেন্স গ্রহণ করতে হবে এবং নির্ধারিত রুটের বাইরে যান চালানো যাবে না। এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ বা রাস্তা ও ফুটপাত বন্ধ করে কোনো ধরনের ব্যবসা করতে দেওয়া হবে না। তবে যেসব ফুটপাত তুলনামূলক প্রশস্ত ও বড়, সেখানে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে সিটি করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় হকারদের ব্যবসার সুশৃঙ্খল সুযোগ করে দেবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ