• ঢাকা সোমবার
    ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলা

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১২:৩৪ পিএম

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মামলার রায় আগামীকাল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

মামলায় তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, প্ররোচনা ও উসকানির অভিযোগ আনা হয়েছে। এদিকে রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের প্রত্যাশা করছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর আগামীকালের কার্যতালিকায় রায়ের জন্য রাখা হয়েছে মামলাটি। এর আগে, গত ১৭ আগস্ট যুক্তিতর্ক শেষ হয়। পরে, রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

উল্লেখ্য, চব্বিশের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিচার শুরু হয়। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, চিকিৎসকসক ২৯ জন। লিখিত জবানবন্দি দেন শরীফ ওসমান হাদীও।

এ মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, তৎকালীন ডিবি প্রধান হারুনসহ ১৪ জনের সাথে ফোনালাপ উপস্থাপন করা হয়। ফোনালাপগুলোতে আন্দোলন দমন, ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধ সহ নানা তথ্য উঠে আসে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ