• ঢাকা শনিবার
    ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১০:২৭ এএম

সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চপূর্ব সমাবেশে জোটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, সংবিধান সংস্কার না হওয়ায় যে সংকট তৈরি হয়েছে, তার দায় সরকারকে নিতে হবে। ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি অবিলম্বে মেনে না নিলে বিরোধী দল এক দফার আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি হলো-

১. গণভোটের গণরায় বাস্তবায়ন করা।
২. জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত করা।
৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ করা।
৪. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন করা।
৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।
৬. প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বিলোপ করা।
৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।

এসব দাবি আদায়ে লংমার্চের মাধ্যমে জনমত গড়ে তোলার পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ