• ঢাকা বুধবার
    ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় চার জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৬:২৪ পিএম

কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় চার জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের আদালত।

এছাড়া মামলার রায়ে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলায় বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল এহেছান  এসব তথ্য নিশ্চিত করেছেন।

“আমরা পূর্ণাঙ্গ ন্যায়বিচার পেয়েছি। এটি যুগান্তকারী রায়। যাদের খালাস দেওয়া হয়েছে তাদের বিষয়ে মামলার রায়ের পূর্ণাঙ্গ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

মি. এহেছান জানান, মামলায় মোট ১৮ জন আসামির মধ্যে ছয় জন পলাতক ছিলেন। পলাতকদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজন খালাস পেয়েছে।

তিনি জানান, একইসঙ্গে সংশ্লিষ্ট আরেকটি অস্ত্র মামলারও রায় দিয়েছে আদালত এবং সেই সেই মামলায় ১৩ জন আসামিকে দুটি পৃথক ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই মামলায়ও পাঁচ জন আসামি খালাস পেয়েছেন।

চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় ২০২৪ সালের ২৩শে সেপ্টেম্বর রাতে ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার।

এ ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

পরে চকরিয়া থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। চার মাস তদন্ত শেষে গত বছরের ১৯শে জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ ও আনোয়ার হাকিম।

আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন- জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিম।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ