প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১১:৫৬ এএম
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আর ফিরতে দেয়া হবে না।
আইনি ও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’
মঙ্গলবার (২৩ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে। পাচার করা টাকা দিয়ে অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকতে হবে।’
তিনি বলেন, ‘বিগত দিনে ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ আমাদের বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। অনেক নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খেটেছে। জনির মতো জাতীয়তাবাদী আদর্শের সৈনিককে হত্যা করা হয়েছে।
তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না। সবাইকে রাজপথে থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।’
এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির ও ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।