প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৪৭ এএম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান, সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারা সবাই বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব শক্তিশালী করা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এই দল গঠিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করছে দলটি। এর অংশ হিসেবে আজ সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিনব্যাপী রয়েছে বৃক্ষরোপণসহ অন্যান্য কর্মসূচি।