প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:৩৫ পিএম
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, দেশটির তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে থাইল্যান্ড।
শনিবার (২৮ মার্চ) ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘থাই তেল ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে।’
তিনি আরও বলেন, এই চুক্তির ফলে জ্বালানি আমদানি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ রুটে জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়।