প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:০৫ পিএম
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লির জন্তরমন্তরে টানা বিক্ষোভ চালিয়ে যাওয়া ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি এই বিক্ষোভকে কেবল চাকরির দাবি নয়, বরং দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার এক গুরুত্বপূর্ণ লড়াই বলে বর্ণনা করেন।
জন্তরমন্তরে আন্দোলনরত যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মেহবুবা মুফতি তাদের সাহসিকতার তীব্র প্রশংসা করেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবিতে প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতি উপেক্ষা করে যেভাবে তরুণ প্রজন্ম প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশাপ্রকাশ করেন যে আন্দোলনকারীদের এই অনমনীয় সংগ্রাম ভবিষ্যতে দুর্নীতি, প্রশ্নফাঁস এবং অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে।
উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবিতে সিজেপির নেতৃত্বে গত মাস থেকেই দিল্লির জন্তরমন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
সূত্র: দ্য হিন্দু।