প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৮:৫৮ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর জেলা সফরে যাচ্ছেন আজ সোমবার (২৭ এপ্রিল)। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
যশোর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি নেয়া হচ্ছে। সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলশী-যদুনাথপুর খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন।
প্রেস উইং সূত্রে জানা যায়, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর।
প্রসঙ্গত, যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হয় ২০১১ সালে। ১৫ বছরেও হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য পাঁচ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে যেতে হয়।