প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ১১:৩১ এএম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে এ সভা শুরু হয়।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের জন্য সংসদ ভবনে প্রয়োজনীয় প্রস্তুতি, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সংশ্লিষ্টদের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হতে পারে।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।
প্রস্তুতিমূলক সভায় নির্বাচন কমিশন, সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে ভোটগ্রহণের সার্বিক আয়োজন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।