• ঢাকা মঙ্গলবার
    ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে বেকারত্ব কমাতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:১৩ পিএম

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে বেকারত্ব কমাতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা বেশি ফি নেয়া হয় জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফি কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়কে আয় বানানোর মাধ্যম করা চলবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, শুধু কথার ফুলঝুরি দিয়ে নয় বরং শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করতে চায় সরকার।

বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম সংস্কারের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার অবস্থা এতোটাই খারাপ যে, সরকারের সাত মাসে কিছুই করা সম্ভব নয় কিন্তু চেষ্টার কমতি নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩৭টি কলেজের ৫৭জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
 

আর্কাইভ