• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মাত্র ১৬ বছরেই ঝরে গেল আয়াক্স ফুটবলার

প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৫:৩৮ এএম

মাত্র ১৬ বছরেই ঝরে গেল আয়াক্স ফুটবলার

ক্রীড়া ডেস্ক

চোখে মুখে তার রঙিন স্বপ্ন। জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে বিশ্ব মাতাবেন। কিন্তু স্বপ্ন সত্যি হলো না নোয়া গেজারের। সড়ক দুর্ঘটনায় মাত্র ১৬ বছর বয়সে প্রাণ হারাল আয়াক্স আমস্টারডামের তরুণ ফুটবলার। শুক্রবার  (৩০ জুলাই) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করে আয়াক্স।

২০০৫ সালে জন্ম নেয়া এই খেলোয়াড় আয়াক্সে ছিলেন ২০১৮ সাল থেকে। তরুণ এই স্ট্রাইকারকে আলফেন্স বয়েজ থেকে দলে ভিড়িয়েছিল নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাবটি। এই মৌসুমেই আয়াক্সের অনূর্ধ্ব ১৭ দলে সুযোগ পাওয়ার কথা নোয়ার। কিন্তু সে সম্ভাবনা শেষ হয়ে গেছে অঙ্কুরেই।

প্রতিশ্রুতিশীল এই ফরোয়ার্ডের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছে আয়াক্স। বিবৃতিতে বলেছে, ‘আয়াক্স এই আকস্মিক দুঃসংবাদে গভীরভাবে মর্মাহত। ক্লাব কর্তৃপক্ষ গেজারের প্রিয়জনদের এই অপূরণীয় ক্ষতি সামলে ওঠার শক্তি কামনা করছে।’

তার স্মরণে আজ আয়াক্স ওয়ান আর আয়াক্স জংয়ের মধ্যকার খেলা শুরুর আগে পালন করা হবে এক মিনিটের নিরবতা, সব আয়াক্স খেলোয়াড়ের হাতেই থাকবে কালো বাহুবন্ধনী। সঙ্গে ক্লাবের টোয়েকোমস্ট স্পোর্টস কমপ্লেক্সে পতাকাও অর্ধনমিত রাখা হবে, জানিয়েছে আয়াক্স। 

জেডআই/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ