প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৮:২২ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে ভাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ শেখকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলছে। আজ সকালে এনসিপি নেতা মো, আশরাফ তার এক আত্মীয়ের সঙ্গে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে আসে। এসময় তার সঙ্গে কিছু পরীক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে এসে আশরাফকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার কথা বলে এবং কেন্দ্রে এসে পরীক্ষার্থীদের সঙ্গে ঝামেলা করার জন্য বিচার চান। এসময় প্রধান শিক্ষক আশরাফকে বের করে দিতে গেলে কয়েকজন শিক্ষার্থী ইট নিক্ষেপ করে। সেই ইটের আঘাতে প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত হাতে আঘাত পান। পরে ওই এনসিপি নেতাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে পুলিশের উপস্থিতিতে এনসিপি নেতাকে মারতে প্রধান শিক্ষকের রুমের সামনে বিক্ষোভ করে উত্তেজিত শিক্ষার্থীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ এসে এনসিপি নেতা আশরাফকে উদ্ধার করে নিয়ে যায়।