• ঢাকা শুক্রবার
    ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ০১:৫৪ পিএম

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে প্রতিবন্ধী নারী মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে একইদিন সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ১২টার দিকে ওই বৃদ্ধা মারা গেছেন।

নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি সফরে ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে তার গাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছালে। এ সময় ফিরোজা নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটি রাস্তার পাশে ধানখেতে নামিয়ে দেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে ওই নারীকে আহত হন। তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, লাশ আমাদের হেফাজতে আছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ