• ঢাকা রবিবার
    ০৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের অবস্থান স্পষ্ট

সম্পাদকীয়: শূন্যরেখায় মানবতার আর্তনাদ

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১০:১১ পিএম

সম্পাদকীয়: শূন্যরেখায় মানবতার আর্তনাদ

সম্পাদকীয়

সীমান্ত একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু সেই সীমান্ত যখন নারী, শিশু ও অসহায় মানুষের জন্য অনিশ্চয়তা, ক্ষুধা ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়, তখন বিষয়টি শুধু কূটনৈতিক বা প্রশাসনিক ইস্যুতে সীমাবদ্ধ থাকে না; এটি মানবতার প্রশ্ন হয়ে দাঁড়ায়।

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় কয়েকদিন ধরে নারী, শিশু ও বৃদ্ধদের খোলা আকাশের নিচে অবস্থান করার দৃশ্য আমাদের বিবেককে নাড়া দেয়। প্রখর রোদ, কাদাপানি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যে তাদের দিন-রাত কাটছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই মানুষগুলোর মধ্যে রয়েছে শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং প্রতিবন্ধী শিশুও।

বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বিজিবি বলেছে, আন্তর্জাতিক আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ ছাড়া কোনো ধরনের পুশ-ইন গ্রহণ করা হবে না। রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্নে এই অবস্থান যৌক্তিক এবং আন্তর্জাতিক বিধিবিধানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। একইভাবে কোনো দেশই অবৈধভাবে অন্য দেশের ভূখণ্ডে মানুষ ঠেলে দেওয়ার অধিকার রাখে না।

তবে আইনি ও কূটনৈতিক অবস্থানের পাশাপাশি একটি মানবিক বাস্তবতাও রয়েছে। শূন্যরেখায় আটকে থাকা মানুষগুলো এই মুহূর্তে রাজনৈতিক বিতর্ক বা সীমান্তনীতির প্রতিনিধিত্ব করছে না; তারা ক্ষুধার্ত, ক্লান্ত এবং অনিশ্চয়তায় ভোগা কিছু মানুষ। তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর নৈতিক দায়িত্ব।

বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা এবং দ্বিপক্ষীয় যোগাযোগের ইতিহাস রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করা প্রয়োজন। দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল ও মানবিকভাবে বেদনাদায়ক করে তুলবে।

রাষ্ট্রের সীমারেখা গুরুত্বপূর্ণ, কিন্তু মানবিক মূল্যবোধ তার চেয়েও গুরুত্বপূর্ণ। আইন, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নারী ও শিশুদের জীবন, স্বাস্থ্য এবং মর্যাদার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত।

শূন্যরেখার সেই কাদামাখা আইলে বসে থাকা মানুষগুলোর চোখে আজ যে অনিশ্চয়তা, তার অবসান হোক দ্রুত। কারণ সীমান্তের কাঁটাতার দুই দেশকে আলাদা করতে পারে, কিন্তু মানবতার দায় থেকে কাউকে মুক্তি দেয় না।


 

আর্কাইভ