প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:০৮ পিএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বর্ডার সিকিউরিটি ফোর্স`কে (বিএসএফ) জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী।
বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করে রাজ্য সরকার।
মূলত, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে দুই ধরণের জমি হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি ব্যক্তিগত বা কেনা জমি। ৫টি জেলায় মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।
শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২ হাজার দু`শো কিলোমিটার সীমান্তের মধ্যে ১ হাজার ৬ কিলোমিটারেই কাঁটাতারের বেড়া রয়েছে। আগের সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি ৬শ` কিলোমিটারে বেড়া দেয়া যায়নি বলে অভিযোগ তার।
এসময় কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নাগরিক সংশোধনী আইন (সিএএ) অবিলম্বে কার্যকরের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। জানান, এই আইনের অন্তর্ভুক্ত নয় এমন অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে তুলে দেয়া হবে বিএসএফের কাছে। পরে বিতারিত করা হবে বাংলাদেশে।
এসময় ভারতজুড়ে অপরাধ, ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির পেছনে অনুপ্রবেশকারীদের দায়ী করেন শুভেন্দু অধিকারী।