প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:১২ পিএম
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি এ কথা বলেন।
দীপকে বলেন, ‘যন্তর মন্তরে আমাদের ধর্না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তার পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’
তিনি বলেন, ‘সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবে।’
তিনি এএনআইকে বলেন, ‘সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, এতে আমরা খুবই স্বস্তি পেয়েছি। কারণ তার অনশন ২৬ দিনেরও বেশি সময় ধরে চলছিল। তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান।’
তবে আন্দোলনের অবস্থান স্পষ্ট করে তিনি আবারও বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়।’
এর আগে ভারত সরকারের পক্ষ থেকে তিনটি আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং, পাশাপাশি ‘অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ’র নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন।
তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে আমি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’