• ঢাকা শুক্রবার
    ২৪ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তদন্তে বৈষ্ণবনগর থানা পুলিশ

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিজেদের মধ্যে গোলাগুলি, ২ বিএসএফ সদস্য নিহত

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:২৪ পিএম

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিজেদের মধ্যে গোলাগুলি, ২ বিএসএফ সদস্য নিহত

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এক বিএসএফ জওয়ানের গুলিতে তারই দুই সহকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্র জানায়, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। তিনি হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার ৫১ বছর বয়সি অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলির ৩৭ বছর বয়সি আম্বাদার সুরেশ দারগু। আহত বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বিএসএফ সূত্রের দাবি, প্রায় এক বছর আগে একই জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে বাহিনীর অভ্যন্তরীণ আইনে শাস্তি পেয়েছিলেন। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। এরপর তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকেও পৃথক বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর বৈষ্ণবনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

আর্কাইভ