প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:০৭ পিএম
ভারত সরকার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহারে সম্মত হওয়ায়, চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা, এবং সিজেপির মুখপাত্র অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপির মূল দাবি পূরণ হলেও আরও দুটি দাবি বাকি ছিল— নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।
সংবাদ সম্মেলনে জেপি নাড্ডা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআরের কপি সিজেপিকে দেওয়া হবে এবং এসব মামলায় কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
তিনি আরও বলেন, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিকে, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিবেচনার জন্য পাঁচ দফা দাবিপত্র সরকারের কাছে জমা দিয়েছে সিজেপি।