প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১০:৩৭ পিএম
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্মসংস্থান অনুমতি বা ওয়ার্ক পারমিট পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করেছে। দেশটির মানবসম্পদ ও আমিরাতিয়াকরণ মন্ত্রণালয় নতুন সংস্কারের আওতায় এখন থেকে সম্পূর্ণ অনলাইনে, কোনো কাগজপত্র জমা ছাড়াই ওয়ার্ক পারমিটের আবেদন করার সুযোগ চালু করেছে।
সরকারের ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় অনেক ক্ষেত্রে তথ্য প্রদানের প্রয়োজনীয়তা ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে কর্মী নিয়োগ ও অনুমোদনের প্রক্রিয়া আগের তুলনায় অনেক দ্রুত হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান ওয়ার্ক পারমিট ব্যবস্থাকে আরও কার্যকর করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইন গণপরামর্শ কার্যক্রম চলবে। এতে সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা নিজেদের মতামত ও পরামর্শ দিতে পারবেন।
নিয়োগকর্তা ও কর্মীদের সুবিধার জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করা হয়েছে। এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ধরনের আবেদন ও সেবা গ্রহণ করা যাবে।
বর্তমানে ইউএইতে মোট ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্য দুই বছর মেয়াদি ‘এক্সটার্নাল ওয়ার্ক পারমিট’ এবং চাকরি পরিবর্তনের জন্য ‘ট্রান্সফার ওয়ার্ক পারমিট’ উল্লেখযোগ্য।
এ ছাড়া পারিবারিক স্পনসরের অধীনে থাকা ব্যক্তিদের জন্য ‘ফ্যামিলি স্পনসরড পারমিট’, অস্থায়ী কাজের জন্য ‘টেম্পোরারি ওয়ার্ক পারমিট’ এবং নির্দিষ্ট প্রকল্পভিত্তিক কাজের জন্য ‘মিশন ওয়ার্ক পারমিট’ রয়েছে।
ফ্রিল্যান্সার ও খণ্ডকালীন কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। নতুন নিয়মে স্বাধীনভাবে কাজ করার জন্য ‘ফ্রিল্যান্স ওয়ার্ক পারমিট’ এবং একাধিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ দিতে ‘পার্ট-টাইম ওয়ার্ক পারমিট’ চালু রয়েছে। এছাড়া ব্যক্তিগত শিক্ষকতার জন্য ‘প্রাইভেট টিউটরিং পারমিট’ এবং গোল্ডেন ভিসাধারীদের জন্য বিশেষ পারমিটের ব্যবস্থাও রয়েছে।
তরুণদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ‘জুভেনাইল ওয়ার্ক পারমিট’ এবং শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট পারমিট’ চালু করা হয়েছে। পাশাপাশি স্থানীয় গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের জন্য বিশেষ ‘ট্রেইনি ওয়ার্ক পারমিট’ও দেওয়া হবে।
মন্ত্রণালয়ের আশা, নতুন এই ডিজিটাল ব্যবস্থা কর্মী নিয়োগ সহজ করবে, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াবে এবং কর্মীদের অধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সূত্র: গালফ নিউজ।