• ঢাকা শুক্রবার
    ২৪ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৫:১১ পিএম

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। জানতে চাইলে সাহাবুদ্দিন বলেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বলে দিছি, বুঝে নেন।’

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যে আজ বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। দেশে এসে তিনি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন হবে বলে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার বিষয়ে স্পিকার কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসার জন্য  ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই তার ফেরার জন্য ফিরতি টিকিট কাটা ছিল। কিন্তু এর মধ্যেই বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। এমন প্রেক্ষাপটে নির্ধারিত সময়ের দুদিন আগেই স্পিকার আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

বঙ্গভবনে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘স্যার দুদিন আগে জানিয়েছেন যে, ওরা আমাকে (রাষ্ট্রপতি) চলে যেতে বলেছেন। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও।’ ‘ওরা’ বলতে কাকে বুঝিয়েছেন-এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। তিনিই একমাত্র রাষ্ট্রপতি, যিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ