• ঢাকা সোমবার
    ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:৫৭ এএম

আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য আগে বাধ্যতামূলক ৩০ হাজার টাকা দিয়ে প্রাক্-নিবন্ধন এবং পরে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।

রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার এ সময়সূচি নির্ধারণ করেছে। সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় ও হজ অফিসের মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকছে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট অনুমোদিত হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া জটিল হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, ক্যানসারের চিকিৎসাধীন রোগী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজ পালনের অনুমতি পাবেন না।


 

আর্কাইভ