• ঢাকা বৃহস্পতিবার
    ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, যুক্ত হলো ‘না ভোট’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০২:৩৪ পিএম

নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, যুক্ত হলো ‘না ভোট’

সিটি নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে মোট ১২০টি প্রতীকের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকায় ক্ষমতাসীন দলের ঐতিহ্যবাহী ‘নৌকা’ প্রতীক রাখা হলেও তা স্থগিত রাখা হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে প্রার্থীদের অনুকূলে প্রতীকটি বরাদ্দের সুযোগ থাকছে না। একই সঙ্গে কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাররা যাতে তাঁদের মতামত জানাতে পারেন, সে জন্য নির্বাচনী ব্যালটে যুক্ত করা হয়েছে ‘না ভোট’ বা ‘না প্রতীক’।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় বিধিমালা সংশোধনসংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করে।

সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে। নতুন তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে না প্রতীক যুক্ত হয়ে মোট ১২০টি প্রতীক রাখা হয়েছে।

নির্ধারিত প্রতীকের মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, ঈগল, উট, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ঢেঁকি, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কাঁচি, কাস্তে, কুড়াল, কুমির, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেবিল, টেলিভিশন, তালা, দাঁড়িপাল্লা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, পালকি, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, বালতি, বৈদ্যুতিক পাখা, মই, ময়ূর, মশাল, মাছ, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোমবাতি, মোরগ, সিংহ, হাত, হাতঘড়ি, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার, হ্যান্ডশেকসহ আরও বিভিন্ন প্রতীক।

প্রজ্ঞাপনে নৌকা প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় নৌকা ব্যবহার করা যাবে না।

নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধানে প্রার্থীর নির্বাচনী ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া প্রার্থীর তথ্যসংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। আদালত কর্তৃক অভিযোগ গঠন করা ব্যক্তিকেই অভিযুক্ত হিসেবে গণ্য করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল ব্যক্তিদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক করা হয়েছে।

আর্কাইভ