• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
নাটোরে জামায়াত আমির

১২ তারিখ রাতে নিজেদের পাওনা সঙ্গে নিয়ে ঘরে ফিরবেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:৫১ পিএম

১২ তারিখ রাতে নিজেদের পাওনা সঙ্গে নিয়ে ঘরে ফিরবেন

নাটোর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলছেন, সারাদেশে জনজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিটি সমাবেশে পুরুষের মত নারীরাও আসছে। সত্য দরজায় কড়া নেড়ে বলছে, মিথ্যা পালিয়ে যাচ্ছে। সত্যের বিজয় হবে। ১২ তারিখের সেই দিনটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন, ১২ তারিখ রাতে নিজেদের পাওনা সঙ্গে ঘরে ফিরবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, লুটকারীরা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লন্ঠনকারীরা আমাদের দেশের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভিতর থেকে সেই টাকা বের করে আনব এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যে এলাকা যতটা বঞ্চিত আগে উন্নয়ন কর্মকান্ড চলে যাবে ওই এলাকায়। যার যেটা পাওয়া তাকে সেটা দিতে হবে।

তিনি বলেন, আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে, যে বিচার এক এক জনের জন্য একেক রকম হবে না। একজন সাধারণ মানুষ নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায়বিচার। জাতি মুখিয়ে আছে সেই বিচার দেখার জন্যে।

লুটেরাদের জন্য ভোটাররা লালকার্ড তৈরি করে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, যারা আগেও দেশের টাকা চুরি করেছে, তারা এখনো চুরি করে। যারা তখনো ব্যাংক লুণ্ঠন করেছে, এখনো করে। ১২ তারিখ দেশের মানুষ, সাড়ে ১২কোটি ভোটার তাদের জন্য সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছেন।

যুবকদের দেশ করার সুযোগ নিশ্চিতের অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, আমাদের যুবকরা যেভাবে এই বাংলাদেশকে সোনার দেশ হিসেবে গড়ে দিতে পারতো, সেই সুযোগ আমরা তাদেরকে দেই নাই। আমরা ওই সুযোগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ডাকসুর জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ