• ঢাকা বুধবার
    ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
যা বলেছেন জেনারেল জাহানশাহী

যেকোনো হুমকির জবাবে ‘চূর্ণবিচূর্ণ’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের স্থলবাহিনীর

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৮:৩১ এএম

যেকোনো হুমকির জবাবে ‘চূর্ণবিচূর্ণ’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের স্থলবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের স্থলবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আলী জাহানশাহী বলেছেন, দেশের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য হুমকির জবাবে ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনী কঠোর ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত।

দেশটির পশ্চিম সীমান্ত অঞ্চলে অবস্থিত ৭১তম মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্রিগেড ‘আবুজার’-এর অপারেশনাল ইউনিট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের নিরাপত্তা রক্ষায় স্থলবাহিনীর ইউনিটগুলোর সর্বাত্মক প্রস্তুতি এবং অর্পিত দায়িত্ব পালনে তাদের সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন।

সীমান্ত এলাকায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে জাহানশাহী বলেন, স্থলবাহিনীর প্রতিরোধক্ষমতা ও অপারেশনাল প্রস্তুতি ধারাবাহিকভাবে বজায় রাখা এবং আরও উন্নত করা জরুরি।

তিনি বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রচেষ্টা, প্রস্তুতি এবং শক্তিশালী উপস্থিতির ফল।”

এ সময় তিনি স্থলবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিরলস প্রচেষ্টা এবং ‘জিহাদি চেতনা’র প্রশংসা করেন। পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

মেজর জেনারেল জাহানশাহী পুনর্ব্যক্ত করেন যে, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের স্থলবাহিনী সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় সর্বশক্তি নিয়োগে প্রস্তুত। মেহের নিউজ, ইরান 


 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ