• ঢাকা শনিবার
    ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১১:৪৫ পিএম

সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত সমঝোতার ‘খুব কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। তার পোস্টটির স্ক্রিনশট ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শান্তি আলোচনার আয়োজক দেশ পাকিস্তানের রাজধানীর নাম উল্লেখ করে আরাগচি তার পোস্টে লিখেছেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের এত কাছাকাছি আমরা এর আগে কখনোই পৌঁছাইনি।’

তবে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকের বিষয়বস্তু নিয়ে ইরানি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সংবাদমাধ্যমকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত গণমাধ্যমের উচিত এর অভ্যন্তরীণ বিষয় বা শর্তাবলি নিয়ে আগাম কোনো অনুমান বা জল্পনা-কল্পনা করা থেকে বিরত থাকা।’

তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ নীতির অংশ হিসেবে, সঠিক সময়ে চুক্তির সমস্ত বিবরণ ও শর্তাবলি জনগণের সামনে বিশদভাবে প্রকাশ করা হবে।’

এর আগে চুক্তি সংক্রান্ত তথ্য ইরানি গণমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘গণমাধ্যমে (ইরানি মিডিয়ায়) যা ছড়ানো হচ্ছে, তার সঙ্গে লিখিতভাবে সম্মত হওয়া শর্তগুলোর কোনো সম্পর্ক বা মিল নেই।’

সূত্র: ডন

আর্কাইভ