• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধী দল

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৩৪ পিএম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ঢাকা-১৫ আসনের পানি ও গ্যাস সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন এবং অবৈধ খাল দখলমুক্ত করাসহ বিভিন্ন জনসমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানের যৌথ প্রতিশ্রুতি দিয়েছেন।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল থেকে ঢাকা-১৫ আসনের চারটি স্থান-পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মনিপুর, বাইশটেকী এবং ইব্রাহিমপুরের পৃথক মতবিনিময় সভা ও সরজমিনে পরিদর্শন করেন তারা।

এ সময় তারা স্থানীয় খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস-পানির সমস্যা এবং ডেঙ্গু মশা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের অভিযোগ শোনেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মত সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সব সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।”

এলাকার তীব্র পানি ও গ্যাস সংকট এবং কিশোর গ্যাংয়ের মত সমস্যাগুলো আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এমন একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন করার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তারা প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধী দলীয় নেতার মতবিনিময় সভায় যোগ দিয়েছেন।

“কারণ তিনি এই এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক। আমরা সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এলাকার সব উন্নয়ন কার্যক্রমে অংশীদার হব এবং জনগণকে সাথে নিয়ে উন্নত ঢাকা গড়ে তুলব।”

অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সব সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা-১৫ আসন আমার এলাকা এবং বিরোধী দলীয় নেতার এলাকা।

“এই এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে এলাকার জনগণের উন্নয়নে কাজ করে যাব।”

তিনি ঢাকা-১৫ আসনের জনগণকে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি সমস্যা, গ্যাস সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি পরিষ্কার পরিছন্নতা অভিযানে ও ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সভায় বিরোধী দলীয় নেতা, প্রতিমন্ত্রী ও প্রশাসক পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনের জন্য সহযোগিতার অনুরোধ জানান।

এই পাম্পগুলো নির্মাণের জন্য বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক প্রত্যেকে তাদের নিজস্ব তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ