• ঢাকা শুক্রবার
    ০৩ জুলাই, ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

সুখরঞ্জন বালীকে গুমের ঘটনায় এএসপি ফজলুর জড়িত: ডিবি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৮:২৩ পিএম

সুখরঞ্জন বালীকে গুমের ঘটনায় এএসপি ফজলুর জড়িত: ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্ট এলাকা থেকে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের পর গুমের ঘটনা ঘটে। ওই ঘটনায় তৎকালীন এএসপি ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে উঠে এসেছে।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন।

মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাকে থাপ্পড় মারেন এবং শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় তিনি ও তার টিমের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলেও তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার পরবর্তী আইনি কার্যক্রম ট্রাইব্যুনালের মাধ্যমেই পরিচালিত হবে’ বলেন ডিবির অতিরিক্ত কমিশনার।

আর্কাইভ