প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৮:২৪ পিএম
দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে আইনজীবীদের মতামত ও পরামর্শ নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও সেই আয়নাকে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ হতে হবে। তাঁর ভাষায়, বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড এবং দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ন্যায়বিচারের অভিভাবক। একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকেও প্রয়োজন হলে বিচার বিভাগের মুখোমুখি হতে হয়, যা বিচার বিভাগের স্বাধীনতা ও শক্তির প্রতীক।
আইন ও বিচারবিষয়ক সাংবাদিকদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, এ ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিটি তথ্য সতর্কতা, নিরপেক্ষতা ও নির্ভুলতার সঙ্গে উপস্থাপন করতে হবে। কারণ, যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার সমাজে বিভ্রান্তি ও সংঘাতের সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার নতুন বাস্তবতা তৈরি করেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতাকেও আরও দায়িত্বশীল, নৈতিক ও তথ্যনির্ভর হতে হবে।