প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:০৩ এএম
এবার জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ এনেছেন নরসিংদী-২ আসনের এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এমনটা জানান।
তিনি লিখেন, জোটের ভোট ভাগ হওয়ায় বিএনপির প্রার্থী ৬৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে, ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে নরসিংদী-২ আসনে এগারো দলীয় জোট অন্তত ১০/১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করত।
উল্লেখ করেন, ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। পাশাপাশি দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি এগারো দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে। আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।
তিনি আরও বলেন, ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত। আমি পলাশবাসীর হৃদয় উজাড় করা ভালোবাসা পেয়েছি।
স্থানীয় প্রশাসনকে এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।