প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৭:২২ পিএম
টাঙ্গাইলে ৩৪ দিনের এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের (র্যাবিস) টিকা প্রয়োগের ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে শিশুটির উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি, ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অভিযোগ রয়েছে, ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুল করে দুই ডোজ জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিক্স ভ্যাকসিন দেয়া হয়।
পরিবারের দাবি, বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুটিকে টিকা দেন। যদিও ওই টিকা দেয়ার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। অভিযোগ অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে টিকা প্রয়োগ করা হয়।
ভুল টিকা প্রয়োগের প্রতিবাদ করলে স্বাস্থ্যকর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন স্বজনরা।