• ঢাকা বৃহস্পতিবার
    ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র জমা পড়েছে ৩টি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৭:০৭ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র জমা পড়েছে ৩টি

সিটি নিউজ ডেস্ক

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুইটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ দিনে জমা পড়ে মনোনয়নপত্র তিনটি। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অলি আহমেদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেন। তাতে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান এবং সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।

পরে দুপুরে অলি আহমদের পক্ষে আরও একটি মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। তাতে প্রস্তাবক ছিলেন এনসিপির মাহমুদা মিতু এবং সমর্থক ছিলেন জামায়াতের আবদুল বাতেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট মনোনয়পত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটাভুটিতে অংশ নেবেন।

যদিও বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। তাই বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণার সঙ্গেই কার্যত নিশ্চিত হয়ে গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে মির্জা ফখরুলই যাচ্ছেন বঙ্গভবনে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ