• ঢাকা বৃহস্পতিবার
    ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ডারউইন টেস্ট

ইবাদত-তাসকিনের জোড়া আঘাত, ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১০:৪৮ এএম

ইবাদত-তাসকিনের জোড়া আঘাত, ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

স্বপ্নের মতো প্রথম সেশন কাটানোর পর অস্ট্রেলিয়াকে খানিকটা নড়েচড়ে বসতে সুযোগ দিয়েছিল বাংলাদেশ। সুযোগটি কাজে লাগিয়ে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি ৫৫ রানের জুটি গড়েন। সহজে অবশ্য রান পাননি।

বাংলাদেশের বোলারদের প্রবল চাপ সহ্য করেই উইকেটে থিতু হয়ে রান তোলেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা ঠিকঠাক কাটিয়ে দিলেও পানি পানের বিরতির পর আবার বাংলাদেশের পেস আক্রমণের শিকার স্বাগতিকরা। পেসার ইবাদত হোসেন জুুটি ভাঙার পর তাসকিন বোলিংয়ে এসে পান আরও একটি উইকেট। তাতে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ষষ্ঠ উইকেট পেয়ে যায় বাংলাদেশ।

বিরতির পর পেসার ইবাদতের করা প্রথম ওভারের প্রথম বলে উইকেট হারান ক্যারি। একটু ভেতরে ঢোকা বল জায়গায় দাঁড়িয়ে কাট করতে চেয়েছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান। কিন্তু বল উইকেটে টেনে নেন বাঁহাতি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া ১২৯ রানে হারায় পঞ্চম উইকেট। ইবাদত পান নিজের দ্বিতীয় উইকেট।

উইকেটে স্মিথের নতুন সঙ্গী ওয়েবস্টার ক্রিজে গিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। প্রথম নয় বলে দুইটি চার তুলে নেন। কিন্তু তাসকিন বোলিংয়ে এসে সব এলোমেলো করে দেন। অফস্টাম্পের করিডোরে লেন্থ বল করে তুলে নেন ওয়েবস্টারের উইকেট। অস্ট্রেলিয়া দ্রুত ২ উইকেট হারিয়ে আবার চাপে। বাংলাদেশ এখন আপারহ্যান্ডে।

এদিকে সঙ্গী হারালেও বিচলিত হননি স্মিথ। তুলে নিয়েছেন ফিফটি। এই প্রতিবেদন লিখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৫৭। ৫০ রানে ব্যাটিং করছেন স্মিথ। তার নতুন সঙ্গী প্যাট কামিন্স। 

আর্কাইভ