• ঢাকা শুক্রবার
    ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে বাজি ধরেছিলেন পোল্যান্ডের গোলরক্ষক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০১:৫৬ পিএম

পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে বাজি ধরেছিলেন পোল্যান্ডের গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে পোল্যান্ডের রক্ষাকর্তার ভূমিকা পালন করেছিলেন গোলরক্ষক সেজনি। তার দক্ষতাতেই ম্যাচ হারলেও শেষ ষোলো নিশ্চিত করতে পেরেছে পোল্যান্ড। আর তাই তো লিওনেল মেসির পেনাল্টি সেভসহ ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় সেজনি। মূলত, সেজনির দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে এ দিন মাঠে পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে বাজি ধরেছিলেন পোল্যান্ডের গোলরক্ষক। ম্যাচ শেষে সেজনি নিজেই এ কথা জানান।

সেজনি বলেন, ‘পেনাল্টির আগে আমরা কথা বলছিলাম। আমি তার সঙ্গে ১০০ ইউরো বাজি ধরি যে, রেফারি পেনাল্টি দিবে না। আমি মেসির সঙ্গে বাজিতে হেরে গেলাম।’

মজার ছলে সেজনি আরও যোগ করেন, ‘আমি জানি না এই বিশ্বকাপে এটা বৈধ কি না। হয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারি। কিন্তু ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তাকে ১০০ ইউরো দিতে পারবো না। আমি মনে করি তার যথেষ্ট আছে।’

ম্যাচের ৩৭ মিনিটে পোস্টের দিকে উড়ে আসা বল থামাতে গিয়ে মেসির মুখে হাত লাগে সেজনির। রেফারি ড্যানি মাক্কেলি ফাউলের আশঙ্কা করে ভিএআর চেক করতে যান। আর সে সময়ই সেজনি মেসির সঙ্গে বাজি ধরেন যে, রেফারি পেনাল্টি দিবে না। কিন্তু ডাচ রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে মেসির কাছে হেরে যায় সেজনি। যদিও সেই পেনাল্টিতে সেজনির কাছে পরাস্ত হতে হয় মেসিকে।

 

এআরআই/এএল

 

আর্কাইভ