• ঢাকা শনিবার
    ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যাকফুটে বাংলাদেশ, শান্ত-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১২:৫৯ পিএম

ব্যাকফুটে বাংলাদেশ, শান্ত-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াই

ক্রীড়া ডেস্ক

সিলেট টেস্টের প্রথম সেশনটা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের দোলাচলের লড়াই। শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করেছে বাংলাদেশ।

প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান।
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

নতুন বল হাতে নিয়েই সাফল্য এনে দেন মুহাম্মদ আব্বাস। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন মাহমুদুল হাসান।
কোনো রান না করেই স্লিপে ক্যাচ দেন তিনি। শুরুর ধাক্কার পর ইনিংস সামলানোর দায়িত্ব নেন মুমিনুল হক ও অভিষিক্ত তানজিদ হাসান।

দুজন মিলে ধীরে ধীরে রান তোলার পাশাপাশি পাকিস্তানের বোলারদের চাপও সামলান। বিশেষ করে তানজিদ ছিলেন বেশ আত্মবিশ্বাসী। সুযোগ পেলেই খেলেছেন আক্রমণাত্মক শট। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৪৪ রান।

তবে ভালো শুরুকে বড় করতে পারেননি তানজিদ। আব্বাসের বলে মিড-অনের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বোলারের হাতেই। ৩৪ বলে ২৬ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু খুররম শাহজাদের দারুণ এক বলে বোল্ড হন তিনি। ৪১ বলে ২২ রান করেন মুমিনুল। তিন উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়ে দলকে আর বিপদে পড়তে দেননি। প্রথম সেশন শেষে শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের হয়ে আব্বাস নিয়েছেন দুটি উইকেট, একটি পেয়েছেন শাহজাদ।

আর্কাইভ