• ঢাকা শনিবার
    ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাঙালি পরিচয়ে বিদেশি সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:০৩ পিএম

বাঙালি পরিচয়ে বিদেশি সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাঙালি পরিচয় নির্ধারণে সীমান্তের ওপারের কারও স্বীকৃতি বা সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদের বাস্তবায়ন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষাগত মিল থাকলেও বাঙালির সাংস্কৃতিক ও মানসিক জগতে সুস্পষ্ট পার্থক্য রয়েছে, যা অস্বীকার করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইতিহাসই বাঙালির পরিচয়ের প্রধান ভিত্তি এবং ইতিহাস বিকৃতির প্রচেষ্টা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। সত্য ইতিহাস শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় এবং বিকৃতকারীরা সময়ের সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।

তথ্যমন্ত্রী দাবি করেন, দেশের বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়া একটি পরিচ্ছন্ন ম্যান্ডেটের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কেউ ভিন্ন বয়ান তৈরি করতে চাইলে সরকার তাতে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখায় না, বরং সঠিক ইতিহাসকেই জাতীয় বয়ান হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, আঞ্চলিক সহযোগিতার কাঠামো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়। সার্কভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা ২২০ কোটির বেশি উল্লেখ করে তিনি বলেন, যারা সার্কের ঐক্য চায় না, তারা কেবল দ্বিপাক্ষিক ঐক্যের কথা বললে সন্দেহের চোখে দেখা হবে। জাতিসংঘ ও সার্কের বাইরে কোনো নতুন কাঠামোর প্রস্তাবও সরকার সতর্কতার সঙ্গে বিবেচনা করবে।

আর্কাইভ