• ঢাকা শুক্রবার
    ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুখোমুখি মেক্সিকো-আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধনীতে ইতিহাস বদলাতে পারবে তো মেক্সিকো?

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:৫৫ পিএম

বিশ্বকাপের উদ্বোধনীতে ইতিহাস বদলাতে পারবে তো মেক্সিকো?

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর মেক্সিকো সিটি স্টেডিয়ামে আজ পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

আপাতত দৃষ্টিতে আজকের ম্যাচটি নিয়ে তেমন আগ্রহ থাকছে না। তবে যে ম্যাচ দিয়ে বিশ্বকাপের সূচনা হতে যাচ্ছে, সেই ম্যাচে নিশ্চয় চোখ থাকবে ফুটবলপ্রেমীদের।

আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে মেক্সিকো। শক্তিমত্ত্বা কিংবা র‌্যাংকিং- দুদিক থেকেই আফ্রিকার দেশটির চেয়ে ঢের এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজকরা। সবশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫ নম্বরে। অন্যদিকে ফিফা র‌্যাংকিংয়ে ৬০তম স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

আর পরস্পরের মুখোমুখিতেও এগিয়ে রয়েছে মেক্সিকানরা। একে অপরের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মাঠে নেমেছে দুদল। এর মধ্যে দুইবার জিতেছে মেক্সিকো। একটি জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর অন্য ম্যাচটি হয়েছে ড্র।

স্বাগতিক তকমা কিংবা শক্তিশত্ত্বার এগিয়ে থাকলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাস মেক্সিকানদের পক্ষে কথা বলছে না। বিগত ২২ আসরের মধ্যে মোট তিনবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে তারা। কিন্তু একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। তিন ম্যাচের মধ্যে হেরেছে দুটি, একটি ড্র।

১৯৩০ এবং ১৯৫০ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলেছিল মেক্সিকো। দুই ম্যাচেই এক হালি করে গোল হজম করেছিল তারা। বিপরীতে ব্রাজিলের জালে পাঠিয়েছিল মাত্র একটি বল।

এদিকে ২০১০ সালের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফের একবার উদ্বোধনী ম্যাচে নেমেছিল তারা। ম্যাচের ৫৫তম মিনিটে গোল হজম করেছিল মেক্সিকো। তবে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করেই মাঠ ছেড়েছিল তারা।
 

আর্কাইভ