প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৯:২৪ পিএম
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ৫ হাজার নয়, ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের খবরটি সঠিক নয়। দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। তবে সেগুলো বাংলাদেশের কি না, এটি স্পেসিফিক না। এখানে পাকিস্তান, মিশর ও ফিলিপাইনসহ আরও অনেক দেশের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে। বিভিন্ন কারণে নেপালেরও ভিসা ক্যান্সেল হয়েছে।
তিনি জানান, আমাদের কাছে ৪১৭ জনের ভিসা অটো ক্যান্সেলের একটি তালিকা রয়েছে। আমরা এই ভিসা রিনিউয়ালের জন্য আবারও পাঠিয়েছি। বাকিগুলোও আরব আমিরাতের সরকারের কাছে পাঠানো হচ্ছে। কী কারণে তাদের ভিসা অটো ক্যান্সেল হলো এবং যেসব কোম্পানিতে তারা কাজ করছেন, তাদের সঙ্গেও আমাদের দূতাবাস যোগাযোগ করছে।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের স্বাগতিক দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, যেকোনো ভিসা নেয়ার সময় কী কী করা যাবে না, সেগুলো শিগগিরই লিপিবদ্ধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে। সবাইকে এসব বিষয় মেনে চলারও আহ্বান জানান তিনি।